চলছে ফ্যামিলি কার্ডের শুমারি, লাগবে যে সকল কাগজপত্র
সরকারের অগ্রাধিকারমূলক ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় দেশজুড়ে পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ বা শুমারি কার্যক্রম চলছে। এ কার্যক্রমের অংশ হিসেবে তথ্য সংগ্রহকারীরা বাড়ি, ফ্ল্যাট ও বাসস্থানে গিয়ে সরাসরি পরিবারের সদস্যদের তথ্য সংগ্রহ করছেন। এ সময় প্রয়োজনীয় তথ্য দিতে ভোগান্তি এড়াতে নাগরিকদের আগেভাগেই নির্ধারিত কাগজপত্র ও তথ্য প্রস্তুত রাখার আহ্বান জানিয়েছে সমাজসেবা অধিদপ্তর।
সম্প্রতি সমাজসেবা অধিদপ্তরের তেজগাঁও সার্কেল কার্যালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। সমাজসেবা কর্মকর্তা ইনসান আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে গত অক্টোবর থেকে দেশব্যাপী পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে। প্রতিটি পরিবারকে এ ডাটাবেজের আওতায় আনাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
তথ্য সংগ্রহকারীরা এলে যেসব কাগজপত্র প্রস্তুত রাখবেন
বিজ্ঞপ্তি অনুযায়ী, তথ্য সংগ্রহ সহজ ও নির্ভুল করতে নাগরিকদের কয়েক ধরনের কাগজপত্র ও তথ্য হাতের কাছে রাখতে হবে। সেগুলো হলো—
১. পরিচয়পত্র
পরিবারের যে নারী সদস্যের নামে ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে, তাঁর জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোকপি প্রস্তুত রাখতে হবে। পাশাপাশি পরিবারের অন্যান্য প্রাপ্তবয়স্ক সদস্যদের এনআইডি এবং যাদের এনআইডি নেই, বিশেষ করে ১৮ বছরের কম বয়সীদের জন্মনিবন্ধন সনদ রাখতে হবে।
২. আর্থিক ও ব্যক্তিগত তথ্য
কার্ডগ্রহীতা নারীর এনআইডি দিয়ে নিবন্ধিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) অ্যাকাউন্টের তথ্য দিতে হবে। এ ছাড়া পরিবারের মোট সদস্যসংখ্যা, আয়-ব্যয় এবং সম্পদসংক্রান্ত সঠিক তথ্য প্রস্তুত রাখতে হবে।
৩. ছবি ও স্বাক্ষর
আবেদনকারী নারীর ছবি এবং বসতবাড়ির ছবি প্রস্তুত রাখতে বলা হয়েছে। পাশাপাশি তথ্য সংগ্রহের সময় নির্ধারিত ফরমে প্রয়োজন অনুযায়ী স্বাক্ষর অথবা টিপসই দেওয়ার প্রস্তুতিও রাখতে হবে।
ফ্যামিলি কার্ড পেতে টাকা লেনদেন নয়
বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে, ফ্যামিলি কার্ড সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। কার্ড পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে কোনো ব্যক্তি বা প্রতারক চক্র অর্থ দাবি করলে তাদের সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য নাগরিকদের সতর্ক করা হয়েছে।
একই সঙ্গে কোনো পরিবার যেন শুমারি থেকে বাদ না পড়ে, সে বিষয়ে সচেতন থাকার পাশাপাশি তথ্য সংগ্রহকারীদের সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে সমাজসেবা অধিদপ্তর।
কর্মসূচির প্রচার ও জনসচেতনতা বাড়াতে মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনকে ভূমিকা রাখার অনুরোধ জানানো হয়েছে। এ ছাড়া সংশ্লিষ্ট এলাকার ইমাম, খতিব, প্রতিষ্ঠানপ্রধান ও সুশীল সমাজের প্রতিনিধিদের সহযোগিতাও কামনা করা হয়েছে।



No Comment! Be the first one.