সরকার বিপদে মানুষের পাশে আছে, ভবিষ্যতেও থাকবে: ডা. জুবাইদা
রাজধানীর করাইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। এ সময় তিনি বলেছেন, বর্তমান সরকার বিপদে মানুষের পাশে আছে এবং ভবিষ্যতেও যেকোনো বিপদে মানুষের পাশে থাকবে।
রোববার (২২ নভেম্বর) রাজধানীর করাইল বস্তিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে নতুন ঘরের চাবি হস্তান্তরকালে এসব কথা বলেন তিনি।
এ সময় অগ্নিকাণ্ডে নিহত শাহরিয়ার রহমান শুভ্রের প্রতি শ্রদ্ধা জানান ডা. জুবাইদা রহমান। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন তিনি।
ডা. জুবাইদা রহমান বলেন, ‘বর্তমান সরকার বিপদে পাশে আছে, ভবিষ্যতে যে কোনো বিপদে পাশে থাকবে।’
উল্লেখ্য, গত ১৫ নভেম্বর (রোববার) ভোরে রাজধানীর মহাখালীর করাইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে শাহরিয়ার রহমান শুভ্র (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়। আগুন লাগার সময় তিনি ঘুমিয়ে ছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ফায়ার সার্ভিসের সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের তথ্য অনুযায়ী, ওই দিন ভোর পৌনে ৫টার দিকে করাইল বস্তির পশ্চিম পাশে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং সকাল ৬টার দিকে পুরোপুরি নেভানো হয়।
নিহত শাহরিয়ার করাইল বস্তির টিঅ্যান্ডটি কলোনির স্যাটেলাইট গেট এলাকায় ভাড়া থাকতেন। তিনি ঝালকাঠি সদর উপজেলার শিরযুগ গ্রামের মনির হোসেনের ছেলে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঘর পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে ১৬ নভেম্বর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঘর পুনর্নির্মাণের কাজ শুরুর খবর প্রকাশিত হয়।



No Comment! Be the first one.