বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী
বাংলাদেশকে আর কখনো তাবেদার রাষ্ট্রে পরিণত হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশপ্রেমিক জনগণ, জনগণের কাছে দায়বদ্ধ গণতান্ত্রিক সরকার এবং সশস্ত্র বাহিনীর মধ্যে ‘সবার আগে বাংলাদেশ’ চেতনা জাগ্রত থাকলে কেউ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ক্ষুণ্ন করার সাহস পাবে না।
শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ রাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সশস্ত্র বাহিনীকে স্বাধীনতার জন্য সশস্ত্র সংগ্রামে অবতীর্ণ হওয়ার নির্দেশ দেন এবং পরদিন ২৭ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন। এ কারণে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ইতিহাস অনন্য ও অসাধারণ বলে মন্তব্য করেন তিনি।
স্বাধীনতা-পরবর্তী বিভিন্ন ঘটনা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন সময়ে সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং দেশের সার্বভৌমত্ব দুর্বল করার অপচেষ্টা হয়েছে। তাঁর বক্তব্যে ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনাও উঠে আসে। এ ছাড়া ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ওই ঘটনার ভয়াবহ পরিণতি দেশবাসীর জানা।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সালের ৭ নভেম্বর এবং ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি ক্রান্তিকালে সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
লাখো শহীদের প্রতি সম্মান জানাতে দুটি প্রধান কর্তব্যের কথা উল্লেখ করেন তিনি। এর মধ্যে প্রথমটি হলো স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা এবং দ্বিতীয়টি হলো শহীদদের প্রত্যাশিত নিরাপদ, স্বনির্ভর ও গণতান্ত্রিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করা।
সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, দেশের স্থলভাগের পাশাপাশি আকাশ ও সমুদ্রসীমার সার্বভৌমত্ব নিশ্চিত করতে সরকার নতুন ‘প্ল্যানিং গাইডেন্স’ প্রণয়ন করেছে। সময়ের চাহিদা অনুযায়ী সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ড্রোন, ইলেকট্রনিক যুদ্ধ এবং মহাকাশভিত্তিক নজরদারির সক্ষমতা অর্জনেও কাজ চলছে।
তিনি জানান, সশস্ত্র বাহিনীর সদস্যদের জীবনমান উন্নয়নে ‘জয়েন্ট সার্ভিসেস হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বোর্ড’ গঠন করা হয়েছে। আগামী ২০৩০ সালের মধ্যে ‘ওয়ান র্যাঙ্ক, ওয়ান পেনশন’ পদ্ধতিসহ বর্তমান ও সাবেক সদস্যদের কল্যাণে নেওয়া পদক্ষেপগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
বক্তব্যের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করেন। দায়িত্ব পালনকালে দেশে ও বিদেশে শাহাদাতবরণকারী সেনাসদস্যদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহত সদস্যদের প্রতি সহমর্মিতা জানান।



No Comment! Be the first one.