সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ২৮ ডিসেম্বর রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক স্মরণসভার আয়োজন করা হয়েছে। নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিশিষ্ট রাজনীতিক, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের অংশ নেওয়ার কথা রয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) নাগরিক সমাজের পক্ষে জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্মরণসভায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যদের উপস্থিত থাকার প্রত্যাশা করছেন আয়োজকেরা। এ ছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট নাগরিকরাও অনুষ্ঠানে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
স্মরণসভাকে অর্থবহ ও স্মরণীয় করে তুলতে বেগম খালেদা জিয়ার জীবন, রাজনৈতিক দর্শন, কর্মময় অভিজ্ঞতা, ব্যক্তিত্ব, নেতৃত্ব এবং দেশ ও জাতির প্রতি তাঁর অবদান নিয়ে একটি বিশেষ স্মারকগ্রন্থ প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে তাঁর জীবনের বিভিন্ন অজানা অধ্যায়ও তুলে ধরার পরিকল্পনা রয়েছে।
এ লক্ষ্যে দেশের বিশিষ্ট রাজনীতিক, সাংবাদিক, লেখক, গবেষক, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, পেশাজীবী এবং বেগম খালেদা জিয়ার সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত ব্যক্তিদের কাছ থেকে মৌলিক ও বিশ্লেষণধর্মী লেখা আহ্বান করেছেন আয়োজকেরা।
স্মারকগ্রন্থের জন্য প্রতিটি লেখা ১২০০ থেকে ১৫০০ শব্দের মধ্যে হতে হবে। লেখায় তথ্যনির্ভর আলোচনা, নিজস্ব বিশ্লেষণ, গবেষণা ও প্রত্যক্ষ অভিজ্ঞতা তুলে ধরার আহ্বান জানানো হয়েছে। আগ্রহীদের আগামী ৩০ নভেম্বর ২০২৬-এর মধ্যে nagorikshoronshova@gmail.com ঠিকানায় লেখা পাঠাতে হবে। সম্পাদকীয় বিবেচনায় নির্বাচিত লেখাগুলোই স্মারকগ্রন্থে প্রকাশ করা হবে।
এ ছাড়া বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, সংগ্রাম, নেতৃত্ব, সাফল্য এবং বাংলাদেশের জাতীয় জীবনে তাঁর অবদান নিয়ে একটি তথ্যসমৃদ্ধ প্রামাণ্য ভিডিওচিত্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
আয়োজকদের প্রত্যাশা, স্মারকগ্রন্থ ও প্রামাণ্যচিত্রের মাধ্যমে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উত্তরাধিকার, রাষ্ট্রচিন্তা এবং বাংলাদেশের ইতিহাসে তাঁর ভূমিকা তুলে ধরা সম্ভব হবে। একই সঙ্গে এসব উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দলিল হিসেবে বিবেচিত হবে।



No Comment! Be the first one.