সাতক্ষীরা সীমান্তে থার্মাল ড্রোন ও সার্চলাইটে নজরদারি, সতর্ক বিজিবি
সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকানো ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) তাদের ৫৪ কিলোমিটার সীমান্ত এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করেছে। এ কাজে ব্যবহার করা হচ্ছে থার্মাল ড্রোন ও সার্চলাইট।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সীমান্ত এলাকায় পর্যাপ্ত জনবল মোতায়েনের পাশাপাশি টহল তৎপরতা ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে।
এ ছাড়া সীমান্তবর্তী এলাকায় দিন-রাত মোবাইল টহল পরিচালনা করা হচ্ছে, যাতে অবৈধ যাতায়াত ও অনুপ্রবেশ ঠেকানো যায়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সীমান্তের অন্ধকারাচ্ছন্ন এলাকাগুলোতে সার্চলাইট ও থার্মাল ড্রোন ব্যবহার করে নজরদারি করা হচ্ছে। এ কার্যক্রমে স্থানীয় বাসিন্দাদেরও সম্পৃক্ত করা হয়েছে।
সীমান্ত নিরাপত্তা জোরদারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে তথ্য সংগ্রহ এবং নজরদারি কার্যক্রম চালানো হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সীমান্তের বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) এবং ব্যাটালিয়নের সব সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে ৩৩ বিজিবি।



No Comment! Be the first one.