শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর নিয়ে ইহুদি ও হিন্দু সংগঠনের উদ্বেগ
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর ঘিরে দেশটিতে বিতর্ক তৈরি হয়েছে। হামাসের নিহত নেতাদের প্রশংসা করার অভিযোগ তুলে তাঁর সফর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে অস্ট্রেলিয়ার প্রভাবশালী ইহুদি ও হিন্দু সংগঠন। একই সঙ্গে কীভাবে তাঁকে ভিসা দেওয়া হয়েছে এবং সফরকালে সরকারের কোনো প্রতিনিধির সঙ্গে তাঁর বৈঠক হয়েছে কি না, সে বিষয়ে ব্যাখ্যা চেয়েছে সংগঠন দুটি।
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনের বরাতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশি সংবাদমাধ্যম বিভিনিউজ২৪।
প্রতিবেদন অনুযায়ী, অস্ট্রেলিয়ান জিউইশ অ্যাসোসিয়েশন (এজেএ) এবং অস্ট্রেলিয়ান হিন্দু অ্যাসোসিয়েশন (এএইচএ) এক যৌথ বিবৃতিতে শফিকুর রহমানের সফর নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
বিবৃতিতে সংগঠন দুটি অভিযোগ করেছে, হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার নিহত হওয়ার পর শফিকুর রহমান তাঁকে ‘বীর ও শহীদ’ হিসেবে প্রশংসা করেছিলেন। একইভাবে হামাসের আরেক নেতা ইসমাইল হানিয়ার মৃত্যুর পরও তিনি শোক প্রকাশ করেন এবং তাঁকে শহীদ হিসেবে কবুল করার জন্য প্রার্থনা করেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিল (এএনআইসি) গত ২১ নভেম্বর সিডনিতে আয়োজিত এক মধ্যাহ্নভোজ অনুষ্ঠানে শফিকুর রহমানকে আতিথ্য দেয়। ওই অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার কয়েকজন সংসদ সদস্যও উপস্থিত ছিলেন বলে সংবাদে উল্লেখ করা হয়েছে।
অস্ট্রেলিয়ান জিউইশ অ্যাসোসিয়েশনের সভাপতি রবার্ট গ্রেগরি প্রশ্ন তুলেছেন, ইসরায়েলি রাজনীতিকদের অস্ট্রেলিয়ায় প্রবেশে বাধা দেওয়া হলেও হামাস নেতাদের প্রকাশ্যে প্রশংসা করেছেন—এমন একজন রাজনৈতিক নেতাকে কীভাবে স্বাগত জানানো হলো।
অন্যদিকে অস্ট্রেলিয়ান হিন্দু অ্যাসোসিয়েশনের সভাপতি আমেন্দ্র সিং বাংলাদেশে হিন্দুদের ওপর হত্যা, অগ্নিসংযোগ, অপহরণ ও নির্যাতনের ঘটনায় উগ্র ইসলামপন্থীদের ভূমিকার অভিযোগ তুলেছেন। তাঁর মতে, এ ধরনের কর্মকাণ্ডের সমর্থকদের অস্ট্রেলিয়ায় স্বাগত জানানো দেশটির সামাজিক সম্প্রীতির জন্য উদ্বেগজনক।
শফিকুর রহমানের সফর, ভিসা প্রদান এবং অস্ট্রেলিয়ার সরকারি প্রতিনিধিদের সঙ্গে তাঁর সম্ভাব্য যোগাযোগ নিয়ে সংগঠন দুটির প্রশ্নের বিষয়টি ঘিরেই এ বিতর্ক তৈরি হয়েছে।



No Comment! Be the first one.