হাসিনার প্রশ্রয়ে শত শত মানুষকে হত্যা করেছে জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর
আওয়ামী লীগ সরকারের দেড় দশকের শাসনামলে সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশ্রয়ে শত শত মানুষকে হত্যা করেছেন বলে অভিযোগ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
Table Of Content
- ইলিয়াস আলী গুমের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ
- ১৫ মাসে ১৫০ থেকে ২০০ জনকে হত্যার অভিযোগ
- উত্তরায় চারজনকে হত্যার বর্ণনা
- বুড়িগঙ্গায় ১১ জনকে হত্যার অভিযোগ
- টিএফআই সেল থেকে দুই বন্দীকে সীমান্তে নেওয়ার অভিযোগ
- বলেশ্বর নদীতে লাশ ফেলার অভিযোগ
- আলকাছ মাঝি ও সুন্দরবনে হত্যার অভিযোগ
- জিয়াউলকে নিয়ন্ত্রণ করা কঠিন ছিল: সাবেক সেনাপ্রধানের সাক্ষ্য
মঙ্গলবার (২৪ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ মানবতাবিরোধী অপরাধের মামলায় জিয়াউল আহসানের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপনের সময় তিনি এসব কথা বলেন।
চিফ প্রসিকিউটর বলেন, দেশের মানুষের জানমাল ও সার্বভৌমত্ব রক্ষার দায়িত্বে থাকা একটি প্রতিষ্ঠানকে তৎকালীন সরকার এমনভাবে দূষিত করেছিল যে, সেটি ভয়ংকর রূপ ধারণ করে। তাঁর অভিযোগ, জিয়াউল আহসান দিনের পর দিন এবং বছরের পর বছর হত্যাকাণ্ড চালিয়েছেন।
আওয়ামী লীগ সরকারের দেড় দশকের শাসনামলে শতাধিক মানুষকে গুম, নির্যাতন ও হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর। এ সময় জিয়াউল আহসান ভার্চ্যুয়ালি ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। যুক্তিতর্ক বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হয়।
ইলিয়াস আলী গুমের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ
যুক্তিতর্কে চিফ প্রসিকিউটর জিয়াউল আহসানের একসময়ের দেহরক্ষী সেনাসদস্য ইমরুল কায়েসের সাক্ষ্য তুলে ধরেন। তাঁর জবানবন্দিতে বিএনপির কেন্দ্রীয় নেতা এম ইলিয়াস আলী গুমের ঘটনায় জিয়াউল আহসানের সম্পৃক্ততার কথা উঠে এসেছে বলে জানান আমিনুল ইসলাম।
প্রসিকিউশনের বক্তব্য অনুযায়ী, ২০১২ সালের ১৩ এপ্রিল র্যাব সদর দপ্তর থেকে একটি মাইক্রোবাসে করে জিয়াউল আহসান, মেজর নওশাদ, স্কোয়াড্রন লিডার সাইফ ও ইমরুল কায়েস মহাখালী ফ্লাইওভারের কাছে যান। সেখানে কাকে তুলে নেওয়া হবে, তা ইমরুল জানতেন না বলে তাঁর জবানবন্দিতে উল্লেখ রয়েছে।
পরে ছুটিতে থাকা অবস্থায় গণমাধ্যমের মাধ্যমে ইলিয়াস আলী অপহরণের খবর জানতে পারেন বলে সাক্ষ্যে জানান ইমরুল। কর্মস্থলে ফিরে তিনি র্যাব সদর দপ্তরে অস্বাভাবিক পরিবেশ দেখতে পান। অন্য সদস্যদের কাছ থেকে অস্ত্রের ইন-আউট রেজিস্টার ও সিসিটিভি ফুটেজ নষ্ট করে ফেলার বিষয়েও জানতে পারেন বলে তাঁর জবানবন্দিতে উল্লেখ করা হয়।
১৫ মাসে ১৫০ থেকে ২০০ জনকে হত্যার অভিযোগ
চিফ প্রসিকিউটর বলেন, ইমরুল কায়েসের জবানবন্দি অনুযায়ী, জিয়াউল আহসানের দেহরক্ষী হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি বিভিন্ন স্থানে তাঁর সঙ্গে যাতায়াত করতেন। এসব স্থানের মধ্যে ছিল জাফলং সীমান্ত, ডিজিএফআই কার্যালয়, সেনাসদর, গোয়েন্দা পুলিশের কার্যালয় এবং তৎকালীন নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকের বাসা।
ইমরুলের সাক্ষ্য তুলে ধরে আমিনুল ইসলাম বলেন, ওই সময়ে জিয়াউল আহসান বিভিন্ন পদ্ধতিতে ১৫০ থেকে ২০০ জনকে হত্যা করেছেন বলে সাক্ষী জানিয়েছেন।
উত্তরায় চারজনকে হত্যার বর্ণনা
প্রসিকিউশনের বক্তব্যে বলা হয়, ২০১১ সালের রমজান মাসের শেষ দিকে উত্তরার নর্থ টাওয়ার এলাকায় চারজনকে হত্যার একটি ঘটনার বর্ণনা দিয়েছেন ইমরুল কায়েস। তাঁর জবানবন্দি অনুযায়ী, ইফতারের আগে জিয়াউল আহসান তাঁকে ক্যামেরা নিয়ে সেখানে যেতে বলেছিলেন। পরে ঘটনাস্থলে গিয়ে চারজনকে গুলিতে নিহত অবস্থায় দেখতে পান তিনি।
তৎকালীন সময়ে ওই ব্যক্তিরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন বলে জিয়াউল আহসান জানিয়েছিলেন। তবে ঘটনাটি ইমরুলের কাছে সাজানো মনে হয়েছিল বলে তাঁর সাক্ষ্যে উল্লেখ রয়েছে।
বুড়িগঙ্গায় ১১ জনকে হত্যার অভিযোগ
ইমরুলের জবানবন্দি উদ্ধৃত করে চিফ প্রসিকিউটর বলেন, ২০১২ সালের প্রথম দিকে জিয়াউল আহসানের নেতৃত্বে ১১ জনকে পোস্তগোলা আর্মি ক্যাম্পে নেওয়া হয়। পরে তাঁদের নৌকায় তুলে নদীর মাঝখানে নিয়ে গুলি করে হত্যা এবং সিমেন্টের বস্তা বেঁধে পানিতে ফেলে দেওয়ার ঘটনা ঘটে বলে সাক্ষ্যে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় জিয়াউল আহসান ছাড়াও কয়েকজন সামরিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তার উপস্থিতির কথা সাক্ষী তাঁর জবানবন্দিতে জানিয়েছেন বলে আদালতে তুলে ধরেন চিফ প্রসিকিউটর।
টিএফআই সেল থেকে দুই বন্দীকে সীমান্তে নেওয়ার অভিযোগ
যুক্তিতর্কে আরও বলা হয়, ২০১২ সালের মাঝামাঝি র্যাব-১-এর টিএফআই সেল থেকে দুই ব্যক্তিকে নিয়ে জিয়াউল আহসানের নেতৃত্বে জাফলং সীমান্তে যাওয়া হয়। সেখানে ভারত থেকে আসা কয়েকজনের কাছে ওই দুই ব্যক্তিকে হস্তান্তর করা হয়েছিল বলে ইমরুলের জবানবন্দিতে উল্লেখ রয়েছে।
প্রসিকিউশনের বক্তব্য অনুযায়ী, পরে ঢাকায় ফেরার পথে ওই দুই ব্যক্তিকে পৃথক স্থানে গুলি করে হত্যা করেন জিয়াউল আহসান—এমন অভিযোগও সাক্ষ্যের বরাতে আদালতে তুলে ধরা হয়।
বলেশ্বর নদীতে লাশ ফেলার অভিযোগ
চিফ প্রসিকিউটর বলেন, ইমরুল কায়েসের জবানবন্দি অনুযায়ী, বরিশালের পাথরঘাটার চরদুয়ানি বাজার থেকে বলেশ্বর নদীর মোহনায় নিয়ে কয়েকজনকে গুলি করে হত্যা করা হতো। পরে সিমেন্টের বস্তা বেঁধে তাঁদের মরদেহ পানিতে ফেলে দেওয়া হতো বলে সাক্ষী জানিয়েছেন।
এ ছাড়া আরেক সাক্ষী মেজর সাব্বির রহমানের জবানবন্দি তুলে ধরে আমিনুল ইসলাম বলেন, ২০১০ সালের জানুয়ারি থেকে ২০১২ সালের মার্চ পর্যন্ত বিভিন্ন অভিযানে জিয়াউল আহসানের নেতৃত্বে ২২ জনকে হত্যা করা হয়েছে বলে সাব্বির জানিয়েছেন।
সাব্বিরের সাক্ষ্যে বলেশ্বর নদীতে কয়েকজনকে হত্যার পাশাপাশি বিডিআরের সাবেক সদস্য নজরুল ইসলামের হত্যার বিবরণও তুলে ধরা হয়। তাঁর জবানবন্দি অনুযায়ী, নদীতে মরদেহ ফেলে দেওয়ার কয়েক দিন পর একটি মরদেহ উদ্ধার হয় এবং ডিএনএ পরীক্ষায় সেটি নজরুল ইসলামের বলে শনাক্ত করা হয়।
আলকাছ মাঝি ও সুন্দরবনে হত্যার অভিযোগ
প্রসিকিউটরের বক্তব্যে আলকাছ মাঝি নামে এক ব্যক্তিকে হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগও উঠে আসে। সাব্বির রহমানের জবানবন্দি উদ্ধৃত করে বলা হয়, আলকাছ মাঝি র্যাবের কয়েকটি অভিযানের তথ্য প্রকাশ করছেন—এমন আশঙ্কায় তাঁকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন জিয়াউল আহসান বলে সাক্ষী জানিয়েছেন।
এ ছাড়া সুন্দরবনের নিশানখালী, কটকা ও মরাভোয়লা এলাকায় কয়েকটি অভিযানে একাধিক ব্যক্তিকে হত্যার অভিযোগও যুক্তিতর্কে তুলে ধরেন চিফ প্রসিকিউটর। এসব ঘটনার বিস্তারিত বর্ণনা সাক্ষীদের জবানবন্দির ভিত্তিতে আদালতে উপস্থাপন করা হয়।
জিয়াউলকে নিয়ন্ত্রণ করা কঠিন ছিল: সাবেক সেনাপ্রধানের সাক্ষ্য
যুক্তিতর্কে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়ার জবানবন্দির অংশও তুলে ধরেন চিফ প্রসিকিউটর। সেখানে জিয়াউল আহসান তাঁর কমান্ড মানতেন না এবং তৎকালীন নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকের প্রশ্রয়ে বেপরোয়া হয়ে উঠেছিলেন বলে উল্লেখ রয়েছে।
চিফ প্রসিকিউটর বলেন, সাবেক সেনাপ্রধানের জবানবন্দিতে জিয়াউল আহসানের কর্মকাণ্ড নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা এবং এ বিষয়ে কর্মকর্তাদের অভিজ্ঞতার কথাও উঠে এসেছে।
যুক্তিতর্কের শেষ পর্যায়ে আমিনুল ইসলাম বলেন, র্যাবে দায়িত্ব পালনের সময় জিয়াউল আহসান শত শত মানুষকে হত্যা করেছেন বলে তাঁদের অভিযোগ। তিনি আরও বলেন, তৎকালীন সরকারের প্রশ্রয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে ব্যাপক হত্যাকাণ্ড চালানো হয়েছে।



No Comment! Be the first one.