বাংলাদেশের সশস্ত্র বাহিনী যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, তিন বাহিনীর বিশেষায়িত ইউনিটগুলোর অংশগ্রহণে আয়োজিত যৌথ সামরিক মহড়া বিশ্বদরবারে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) নোয়াখালীর স্বর্ণদ্বীপের ভিউ পয়েন্ট-১-এ বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, বাংলাদেশের সামরিক বাহিনীর ইতিহাসে এ মহড়ার মধ্য দিয়ে নতুন একটি অধ্যায়ের সূচনা হয়েছে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো তিন বাহিনীর স্পেশাল ফোর্সের সদস্যদের সমন্বয়ে আয়োজিত যৌথ মহড়ার সাক্ষী হতে পেরে তিনি ব্যক্তিগতভাবে গর্বিত।
প্রধানমন্ত্রী বলেন, এ মহড়া বিশ্বদরবারে স্পষ্ট বার্তা দেবে যে বাংলাদেশের সশস্ত্র বাহিনী সুসংগঠিত, পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত।
তিনি আরও বলেন, তিন বাহিনীর স্পেশাল ফোর্সের সদস্যদের একসঙ্গে অংশগ্রহণে এই যৌথ সামরিক মহড়া দেশের সামরিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর পেছনে রয়েছে দূরদর্শী চিন্তা এবং সামরিক বাহিনীর আধুনিকায়নে সরকারের অঙ্গীকারের প্রতিফলন।
তারেক রহমানের ভাষ্য, এ ধরনের যৌথ অনুশীলনের মাধ্যমে সশস্ত্র বাহিনীর পারস্পরিক সমন্বয়, পেশাদারিত্ব ও সক্ষমতা আরও সুদৃঢ় হবে। পাশাপাশি যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বাহিনীগুলোর প্রস্তুতিও আরও কার্যকর হবে।



No Comment! Be the first one.