রাজধানীর গণপরিবহন ব্যবস্থার আধুনিকায়ন ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে পর্যায়ক্রমে ৩ হাজার বৈদ্যুতিক বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার। বিশ্বব্যাংকের সহায়তায় বাংলাদেশ ক্লিন এয়ার প্রজেক্টের (বিসিএপি) আওতায় এ উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে গণপরিবহন ব্যবস্থায় ‘গ্রস-কস্ট’ মডেল চালুর উদ্যোগও রয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
মন্ত্রী জানান, প্রাথমিক পর্যায়ে সরকারি উদ্যোগে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) মাধ্যমে বৈদ্যুতিক বাস চালুর কার্যক্রম শুরু হবে। পাশাপাশি বেসরকারি বাস মালিকদেরও নতুন ব্যবস্থার আওতায় আনতে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে। এসব বাস যাত্রীবান্ধব, নিরাপদ, সাশ্রয়ী ও আরামদায়ক করার পরিকল্পনা রয়েছে।
শেখ রবিউল আলম বলেন, প্রচলিত ব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ না থেকে গণপরিবহনে কাঠামোগত পরিবর্তন আনতে হবে। পুরো ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নে দুই থেকে তিন বছর সময় লাগতে পারে। এ ক্ষেত্রে বিশ্বব্যাংক বাংলাদেশকে সহযোগিতা করছে।
প্রস্তাবিত ব্যবস্থায় প্রচলিত রুট পারমিট পদ্ধতির পরিবর্তে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ), বাস অপারেটর এবং যানবাহন সরবরাহকারী প্রতিষ্ঠানের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তির ভিত্তিতে বাস পরিচালনার পরিকল্পনা রয়েছে।
নতুন ব্যবস্থার ‘গ্রস-কস্ট’ মডেলে যাত্রীদের কাছ থেকে আদায় করা ভাড়া কর্তৃপক্ষের মাধ্যমে সংগ্রহ করা হবে। অন্যদিকে, নির্ধারিত মানদণ্ড অনুযায়ী বাস পরিচালনার জন্য অপারেটরদের প্রতি কিলোমিটারে নির্দিষ্ট হারে অর্থ পরিশোধ করা হবে। এর মাধ্যমে গণপরিবহনে সেবার মান, পরিচালনাগত শৃঙ্খলা ও জবাবদিহি নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
আলোচনা সভায় সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. হাবিবুর রশিদ হাবিব, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. জিয়াউল হক এবং বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের ডিভিশন ডিরেক্টর জ্যাঁ পেসমেসহ বিশ্বব্যাংকের প্রতিনিধিদল ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



No Comment! Be the first one.