আওয়ামী লীগের বিরুদ্ধে আগুন সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অভিযোগ তুলে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ কর্মসূচির অংশ হিসেবে শুক্র ও শনিবার ঢাকার দুই মহানগরে বিক্ষোভ করার কথাও জানিয়েছে দলটি।
মঙ্গলবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে মোটরসাইকেল র্যালির আগে আয়োজিত সমাবেশ ও সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে এনসিপির শীর্ষ নেতারা এসব কথা বলেন।

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেন, ৫ আগস্ট আওয়ামী লীগের পতন হয়েছে। দলটির বর্তমান কর্মকাণ্ডের মধ্য দিয়ে পুনর্বাসনের পথও বন্ধ হয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি। শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা ও প্রচারকে ‘নাটক’ এবং ‘মিডিয়া স্ট্যান্ডবাজি’ আখ্যা দেন হাসনাত।
তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে স্বাগত জানিয়ে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে। বিমান চাওয়া, গাড়ি চাওয়া কিংবা সীমান্ত পরীক্ষা করার আলোচনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ডিসেম্বরের বিজয় দিবস ও থার্ড টার্মিনাল উদ্বোধনের মতো বিষয় সামনে এনে সমর্থকদের উজ্জীবিত করার চেষ্টা চলছে। তবে শেখ হাসিনা দেশে ফিরবেন না বলেও মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক এবং নতুন করে রাজনৈতিক ঐক্যের আহ্বান প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, শুধু ডিসেম্বরকেন্দ্রিক বা সাময়িক ঐক্য টেকসই হবে না। দেশের স্থিতিশীলতা, অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা এবং উন্নয়নের জন্য দীর্ঘমেয়াদি ঐক্য প্রয়োজন। গণরায়, গণভোট ও সংস্কারের ভিত্তিতে প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তিশালী করার ওপরও গুরুত্ব দেন তিনি।
ভারত প্রসঙ্গে হাসনাত বলেন, ভারতের জনগণের সঙ্গে বাংলাদেশের সাংস্কৃতিক, সামাজিক ও ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। তবে ৫ আগস্টের গণ-অভ্যুত্থান ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সংঘটিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি। গণভোটের রায় বাস্তবায়নে সরকারের পরিকল্পনা এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কেও তাঁরা জানতে চেয়েছেন বলে জানান।
সমাবেশে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, সীমান্তের ওপার থেকে নানা দাবি তোলা হলেও শেখ হাসিনাকে ভারত একটি বিমানও দিচ্ছে না। বেলারুশসহ বিভিন্ন দেশে পাঠানোর চেষ্টা ব্যর্থ হওয়া এবং পাসপোর্ট না পাওয়ার পর বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারতকে শেখ হাসিনাকে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করতে হবে। তাঁর বিরুদ্ধে হওয়া বিচারের রায় দ্রুত বাস্তবায়নের দাবিও জানান তিনি। বাংলাদেশে আওয়ামী লীগ ও দলটির প্রশ্রয়দাতাদের কোনো জায়গা নেই বলেও মন্তব্য করেন এনসিপির এই নেতা।
সমাবেশ ও মোটরসাইকেল শোভাযাত্রায় হাসনাত আবদুল্লাহ ও আসিফ মাহমুদ ছাড়াও এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম, রাজনৈতিক পর্ষদের সদস্য আরিফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক তারেক আদেলসহ কেন্দ্রীয় নেতাকর্মীরা অংশ নেন। পরে তাঁরা ঢাকা উত্তরের বিভিন্ন এলাকায় মোটরসাইকেল শোভাযাত্রা করেন।



No Comment! Be the first one.