শেখ হাসিনার কাছে নিজের ও পরিবারের স্বার্থই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। প্রয়োজনে নিজের স্বার্থ রক্ষায় আওয়ামী লীগকেও তিনি ‘কোরবানি’ দিতে পারেন বলে মন্তব্য করেছেন আসিফ নজরুল।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।
পোস্টে আসিফ নজরুল দাবি করেন, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পর আওয়ামী লীগের কিছু নেতাকর্মী হত্যা, অগ্নিসংযোগ ও প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন। তাঁর ধারণা, শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতেই পরিকল্পিতভাবে এসব ঘটনা ঘটানো হচ্ছে। এসব কর্মকাণ্ডের পেছনে শেখ হাসিনার নির্দেশনা বা প্ররোচনা রয়েছে বলেও বিশ্বাস করার কারণ আছে বলে উল্লেখ করেন তিনি।
আসিফ নজরুলের ভাষ্য, এসব কর্মকাণ্ডের মাধ্যমে শেখ হাসিনা আবারও জুলাইয়ের হত্যাযজ্ঞের স্মৃতি সামনে নিয়ে এসেছেন। একই সঙ্গে আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিয়েছেন। তাঁর মতে, এসব ঘটনার কারণে দলটির প্রতি যাঁদের সামান্য সহানুভূতি ছিল, তাঁদের পক্ষেও আওয়ামী লীগের পক্ষে কথা বলা কঠিন হয়ে পড়ছে।

পোস্টে ড. ইউনূসের প্রতি শেখ হাসিনার দীর্ঘদিনের ব্যক্তিগত ক্ষোভের কথাও উল্লেখ করেন আসিফ নজরুল। তাঁর দাবি, শেখ হাসিনার অনুগতদের কর্মকাণ্ডে সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে। গত এক মাসে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০টি শাখায় ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে বলেও দাবি করেন তিনি।
আসিফ নজরুল আরও বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা বিবেচনায় নেননি যে ড. ইউনূস প্রায় এক যুগ ধরে গ্রামীণ ব্যাংকের সঙ্গে সম্পৃক্ত নন। তাঁর মতে, গ্রামীণ ব্যাংকে হামলার ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে আওয়ামী লীগের রাজনৈতিকভাবে ফিরে আসার প্রচেষ্টাকে আরও অগ্রহণযোগ্য করে তুলতে পারে।
শেখ হাসিনার সমালোচনা করে আসিফ নজরুল লেখেন, অরাজকতা সৃষ্টির জন্য তিনি যেন ‘সুইসাইড বম্বার’ চাইছেন। তবে এ ধরনের কর্মকাণ্ডের পরিণতিতে আওয়ামী লীগই ক্ষতিগ্রস্ত হবে, শেখ হাসিনা নিজে নন—এমন মন্তব্যও করেন তিনি।
পোস্টের শেষাংশে আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে প্রশ্ন রেখে আসিফ নজরুল বলেন, ব্যক্তিগত স্বার্থ রক্ষা করতে গিয়ে তাঁদের নেত্রী দলটিকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন—এ বিষয়টি তাঁরা আর কত দিনেও উপলব্ধি করবেন?



No Comment! Be the first one.