নোয়াখালীর স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শন শেষে ঢাকায় ফিরে সরাসরি সচিবালয়ে দাপ্তরিক কাজে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার বিকেল ৫টা ১৫ মিনিটে সচিবালয়ে পৌঁছে নিয়ম অনুযায়ী ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর দাপ্তরিক কার্যক্রম শুরু করেন তিনি।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) মঙ্গলবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে সকাল ৮টায় বাসা থেকে বের হন প্রধানমন্ত্রী। সকাল সাড়ে ১০টায় হেলিকপ্টারে নোয়াখালীর স্বর্ণদ্বীপের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি। বেলা সাড়ে ১১টায় তাকে বহনকারী হেলিকপ্টার স্বর্ণদ্বীপে অবতরণ করে।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, স্বর্ণদ্বীপে সশস্ত্র বাহিনীর বিশেষায়িত ইউনিটগুলোর সমন্বয়ে প্রথমবারের মতো ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলনের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী সেখানে মহড়ার চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করেন। এ সময় সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে পাশে বসিয়ে আর্মি ট্যাকটিক্যাল ভেহিকল বা সাঁজোয়া যানও চালান তিনি।
এ ছাড়া দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। অনুশীলনস্থলে তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন কার্যক্রমও পর্যবেক্ষণ করেন তিনি।
বিশেষ এই যৌথ মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর স্পেশাল ওয়ারফেয়ার ডাইভিং অ্যান্ড স্যালভেজ (SWADS) এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেয়।
মহড়া পরিদর্শন শেষে বিকেলে হেলিকপ্টারে ঢাকায় ফেরেন প্রধানমন্ত্রী। এরপর সরাসরি সচিবালয়ে গিয়ে সন্ধ্যা পর্যন্ত কয়েকটি দাপ্তরিক কাজে অংশ নেন তিনি।



No Comment! Be the first one.