রাজশাহীতে বিএনপি নেতার শ্বশুরবাড়ি ও মিল থেকে আ.লীগ-যুবলীগের দুই নেতা গ্রেপ্তার
রাজশাহীতে বিএনপি নেতার শ্বশুরবাড়ি ও একটি অটো ফ্লাওয়ার মিল থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব এবং রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মানজাল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, যুবলীগ নেতা হাবিবুর রহমানকে রাজশাহীর পুঠিয়া উপজেলার কাঁঠালবাড়িয়া এলাকার একটি বাড়ি থেকে আটক করা হয়। বাড়িটি পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা আল মামুন খানের শ্বশুর আব্দুর রশীদের। স্থানীয়দের দাবি, হাবিবুর রহমান বেশ কিছুদিন ধরে ওই বাড়িতে ভাড়া থাকছিলেন এবং সেখানে আত্মগোপনে ছিলেন।
বৃহস্পতিবার রাতে তাঁর অবস্থানের খবর পেয়ে স্থানীয় লোকজন তাঁকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে তাঁকে নাটোর সদর থানা পুলিশের কাছে পাঠানো হয়। পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, হাবিবুর রহমানের বিরুদ্ধে নাটোর সদর থানায় মামলা থাকায় তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মানজালকে পবা উপজেলার শিমুল অটো ফ্লাওয়ার মিল থেকে গ্রেপ্তার করে পবা থানা পুলিশ। মিলটি বিএনপি নেতা শাহজাহানের বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জানায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে তাঁকে ওই মিল থেকে আটক করা হয়। পুলিশ সূত্রের বরাতে সংস্থাটি জানিয়েছে, দীর্ঘদিন ধরে মানজালের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছিল। মোবাইল ফোনের সূত্র ধরে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।
এদিকে যুবলীগ নেতা হাবিবুর রহমানকে আশ্রয় দেওয়ার অভিযোগে বাড়ির মালিক আব্দুর রশীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বিএনপির কিছু নেতাকর্মী। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই বাড়িতে অবস্থান করলেও বাড়ির মালিকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তবে এ বিষয়ে বাড়ির মালিকের বক্তব্য পাওয়া যায়নি।
একই রাতে রাজশাহী নগরীর পদ্মা আবাসিক এলাকা এবং পবা উপজেলার পারিলা গ্রামীণ ব্যাংকে হাতবোমা বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এসব ঘটনার সঙ্গে গ্রেপ্তার দুই নেতার কোনো সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়নি।



No Comment! Be the first one.